নেত্রকোণা-৪ ( মদন, খালিয়াজুড়ি ও মোহনগঞ্জ) আসনের এমপি লুৎফুজ্জামান বাবরের মুক্তি ও নির্বাচনী বিজয়ের জন্য মানত করে টানা আড়াই মাস রোজা রেখে অসুস্থ হয়ে পড়েছেন ৬৫ বছর বয়সী গৃহিণী খুদেজা আক্তার। বর্তমানে তিনি মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে ভর্তি করেন। খুদেজা আক্তার মদন উপজেলার চানগাঁও (চকপাড়া) গ্রামের মৃত আবদুল হাসেমের স্ত্রী।
পরিবার সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের সময়ে দীর্ঘ ১৭ বছর কারাভোগ করা লুৎফুজ্জামান বাবরের দুঃখ-কষ্টে মর্মাহত হয়ে তার মুক্তি ও পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার জন্য মানত করেছিলেন খুদেজা আক্তার। মানত অনুযায়ী বাবর নির্বাচিত হলে তিনি টানা আড়াই মাস রোজা রাখার নিয়ত করেন।
গত ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ভোটে জয় পান লুৎফুজ্জামান বাবর। এরপর ঈদুল ফিতরের পরদিন ২১শে মার্চ থেকে মানতের রোজা শুরু করেন খুদেজা আক্তার। এরআগে, তিনি পুরো রমজান মাসের রোজাও পালন করেন।
পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন টানা রোজা রাখার কারণে তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। ইতিমধ্যে কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি করতে হয়েছে তাকে। তবে, পরিবারের অনুরোধ সত্ত্বেও তিনি রোজা ভাঙতে রাজি হননি।
খুদেজা আক্তারের ছেলে শেখ রবিন বলেন, ‘মা বলেছিলেন, বাবর সাহেব কারামুক্ত হয়ে আবার এমপি হলে তিনি আড়াই মাস রোজা রাখবেন। সেই মানত পূরণ করতেই তিনি টানা রোজা রেখেছেন। অসুস্থ হওয়ার পরও রোজা ছাড়তে চাননি।’
মদন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হুদা খান জানান, দীর্ঘদিন রোজা রাখার কারণে খুদেজা আক্তার শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। তাকে হাসপাতালে ভর্তি রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।
