কেন্দ্রের বাইরে খাতা নিয়ে পরীক্ষা দেয়ায় বহিষ্কার, আটক ৩

ফন্ট সাইজ:

কুষ্টিয়ার দৌলতপুরে দাখিল (এসএসসি সমমান) পরীক্ষা চলাকালে কেন্দ্রের বাইরে পরীক্ষার খাতা নিয়ে লিখে দেয়ার অভিযোগে পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ৩ শিক্ষককে আটক করেছে র‌্যাব। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চুয়ামল্লিকপাড়া রেজওয়ানুল উলুম দাখিল মাদ্রাসা কেন্দ্রে অনিয়মের এ ঘটনা ঘটে। বহিষ্কৃত শিক্ষার্থী মো. নাসিরুল্লাহ (১৬) মহিষকুন্ডি মুসলিমনগর দাখিল মাদ্রাসার শিক্ষার্থী এবং ওই মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. আব্দুল ওহাব বিশ্বাসের ছেলে। আটক শিক্ষকরা হলেনÑ মো. বজলুর রহমান (৪৮), মো. নুরুল ইসলাম (৪৫) এবং মোছা. মাতোয়ারা খাতুন মায়া (৪০)। তারা একই মাদ্রাসার শিক্ষক। তবে তারা পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে ছিলেন না বলে কেন্দ্র সূত্র জানিয়েছে।

র‌্যাব ও পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা গেছে, দাখিল জীববিজ্ঞান পরীক্ষা চলাকালে শিক্ষার্থী নাসিরুল্লাহর পরীক্ষার খাতা কেন্দ্রের বাইরে থেকে লিখে এনে জমা দেয়ার কাজ করছিলেন অভিযুক্ত শিক্ষকরা। অর্থের বিনিময়ে অবৈধভাবে দীর্ঘদিন ধরে তারা এ ধরনের কাজ করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় বুধবারও একই কায়দায় খাতা লিখে দেয়ার সময় অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাস ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন।

তদন্ত শেষে অভিযুক্ত শিক্ষার্থীকে বহিষ্কার এবং শিক্ষকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তবে আটক শিক্ষকদের দাবি, মাদ্রাসার সুপারিনটেনডেন্ট ওহাব তার ছেলের জন্য এমন অনৈতিক কাজে তাদের বাধ্য করেছেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর প্রদীপ কুমার দাস বলেন, আগেও বাইরে থেকে খাতায় লিখে এনে জমা দেয়ার ঘটনা ঘটেছে বলে জানতে পারি। আজও র‌্যাবের হাতে তিন শিক্ষক আটক হওয়ার বিষয়টি সত্য বলে প্রমাণিত হয়েছে। পরে ওই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তিনি আরও জানান, যেহেতু শিক্ষকরা কেন্দ্রের বাইরে আটক হয়েছেন। ফলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা যায়নি। তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন