মৌলভীবাজারের রাজনগরে হত্যা মামলার আসামিদের করা মামলায় রাজনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের মেম্বার নুরুল আমিন খানকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। মেম্বার রুহুল আমিন খানের ভাতিজা মিশরাফ খান হত্যা মামলার বাদী ছিলেন। ওই মামলার আসামিদের পক্ষে মামলায় আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছেন। এ মামলায় ছাত্রদল নেতা তার ভাতিজা ফজলে রাব্বি খানকেও আসামি করা হয়েছে।
জানা যায়, ২০২৪ সালের ৬ই ডিসেম্বর রাজগরের মুন্সীবাজার ইউনিয়নের সোনাটিকি গ্রামে দুইপক্ষের সংঘর্ষে মিশরাফ খান নামে এক ব্যক্তি নিহত হন। নিহতের পক্ষে ইউপি সদস্য উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন খান বাদী হয়ে মামলা করেন। পরবর্তীতে আসামিপক্ষে হান্নান মিয়া বাদী হয়ে নুরুল আমিন খান সহ কয়েকজনকে আসামি করে মামলা করেন।
এ মামলায় বুধবার দুপুরে সংশ্লিষ্ট আদালতে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত নুরুল আমিন খানকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
মামলায় তাকে এক নম্বর এবং তার ভাতিজা ফজলে রাব্বি খানকে দুই নম্বর আসামি করা হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে ফজলে রাব্বি খান বলেন, মিশরাফ খান হত্যা মামলার আসামিরা একটি এনকাউন্টার মামলায় সিআর দিয়েছেন।
ওই মামলার শুনানি আজ ছিল। শুনানিকালে আদালত আমার চাচা নুরুল আমিন খানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আমি শারীরিকভাবে অসুস্থ থাকায় আমাকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। খুব দ্রুতই আমরা জামিনের জন্য আইনগত পদক্ষেপ গ্রহণ করবো।
