আনোয়ারা উপকূলে বিদেশি জাহাজে থাই নাবিক খুন সহকর্মী গ্রেপ্তার

ফন্ট সাইজ:

চট্টগ্রামের আনোয়ারা উপকূলে বঙ্গোপসাগরের চার্লি অ্যানকর পয়েন্টে নোঙর করা একটি বিদেশি জাহাজে দুই থাই নাবিকের মধ্যে সংঘর্ষে রাফিফং কালাহান (৩০) নামে এক নাবিক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত সহকর্মী তুরাকর্ণ বুরুসিক (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে জাহাজটিতে অভিযান চালিয়ে পতেঙ্গা ও আনোয়ারা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত তুরাকর্ণ বুরুসিক এমভি কেপিপি-০১ (ওগঙ: ৯০২১২০৩) নামের বিদেশি জাহাজটির নাবিক হিসেবে কর্মরত। নিহত রাফিফং কালাহানও একই জাহাজের ক্রু ছিলেন। দু’জনই থাইল্যান্ডের নাগরিক। জানা যায়, মঙ্গলবার বিকালে সমুদ্রের চার্লি অ্যানকর পয়েন্টে নোঙর করা জাহাজটিতে কর্মরত দুই বিদেশি নাবিকের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। একপর্যায়ে তুরাকর্ণ বুরুসিক ছুরিকাঘাত করলে রাফিফং গুরুতর আহত হন। পরে জাহাজের অন্য কর্মীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। রাত ৮টার দিকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর পরই পুলিশ জাহাজটিতে অভিযান চালিয়ে অভিযুক্ত নাবিককে আটক করে। এ ঘটনায় জাহাজ কর্তৃপক্ষের পক্ষ থেকে আনোয়ারা থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন