‘ভয়ঙ্কর’ ও ‘বাদশা বাবু’

‘ভয়ঙ্কর’ ও ‘বাদশা বাবু’

ফন্ট সাইজ:

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে পটুয়াখলীর কলাপাড়া উপজেলার মৎস্য বন্দর মহিপুরে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বিশাল আকৃতির দু’টি কোরবানির গরু ‘ভয়ঙ্কর’ ও ‘বাদশা বাবু’। এদের বিশাল আকার, চমৎকার গড়ন ও সৌন্দর্যের কারণে প্রতিদিনই গরু দু’টিকে একনজর দেখতে খামারে ভিড় করছেন বিভিন্ন এলাকার উৎসুক মানুষ।

শিববাড়িয়া গ্রামের গাববাড়িয়া স্লুইস গেট সংলগ্ন এলাকার খামারি মো. ইব্রাহিম হাওলাদারের খামারে পরম যত্নে লালন-পালন করা হয়েছে গরু দু’টি। দীর্ঘ প্রায় চার বছর ধরে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে বড় করা এই জোড়া গরুর মোট দাম চাওয়া হচ্ছে ১৬ লাখ টাকা। খামার সূত্রে জানা গেছে, গরু দু’টির জাত ও আকার ভিন্ন। ভয়ঙ্কর ফ্রিজিয়ান জাতের এই গরুটির ওজন প্রায় ১৮ মণ। বিশাল দেহের কারণে নাম রাখা হয়েছে ‘ভয়ঙ্কর’। রাজকীয় চেহারার এই গরুটির দাম চাওয়া হচ্ছে ৯ লাখ টাকা। বাদশা বাবু শাহীওয়াল জাতের এই গরুটির ওজন প্রায় ১৭ মণ। শান্ত স্বভাবের এই গরুটির দাম হাঁকা হয়েছে ৭ লাখ টাকা।

খামারি ইব্রাহিম বলেন, গরু দু’টি এখন আমাদের পরিবারেরই একটি অংশ হয়ে গেছে। ছোটবেলা থেকে অত্যন্ত যত্ন নিয়ে বড় করেছি। তিনি আরও জানান, চার বছরে গরু দু’টির পেছনে তাদের প্রায় ১২ লাখ টাকার মতো ব্যয় হয়েছে। খামারের কর্মচারী সোলায়মান খান জানান, প্রতিদিন নিয়ম করে গোসল করানো, ঘর পরিষ্কার রাখা ও সময়মতো খাবার দেয়ার কারণে গরু দু’টি এত সুন্দরভাবে বেড়ে উঠেছে। স্থানীয় পশু চিকিৎসক আহসান হাবিব বলেন, গরু দু’টিকে আমরা নিয়মিত চিকিৎসাসেবা ও পর্যবেক্ষণে রেখেছি। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে ও সুষম খাদ্য দেয়ায় এগুলো অত্যন্ত সুস্থ ও স্বাস্থ্যবান রয়েছে।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন