সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জ উপজেলার আহসানমারা সেতু এলাকায় একদিনের ব্যবধানে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও তিনজন। এর মধ্যে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুইজন ও ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একজনের মৃত্যু হয়। বুধবার দুপুরে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহতরা হলেন- সুনামগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর গ্রামের আলফা উদ্দিনের ছেলে জাহের মিয়া (১৮) এবং শান্তিগঞ্জ উপজেলার ঘাগলী গ্রামের বোরহান উদ্দিনের ছেলে ইব্রাহিম মিয়া (২৬)।
এ ছাড়া গত মঙ্গলবার রাতে একই এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে আব্দুল্লাহ (৩৫) নামে আরও একজন নিহত হয়। বুধবার দুপুরের দুর্ঘটনায় আহতরা হলেন- ঘাগলী গ্রামের মুখলেছ মিয়ার ছেলে আব্দুল জাহান (৪০), তার শিশুকন্যা লুৎফা বেগম এবং ছাতক উপজেলার গণিপুর গ্রামের কাদির মিয়ার ছেলে তৌরিজ মিয়া (৫২)। তাদের সিলেট ও সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জগামী একটি দূরপাল্লার বাসের সঙ্গে সিলেটগামী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই একজন নিহত হন। আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। এ ছাড়া মঙ্গলবার রাতে একজনের মৃত্যু হয়। শান্তিগঞ্জ থানার ওসি অলিউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহসানমারা সেতু এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। এসব ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।
