সাইবার মামলায় কারাগারে উপ-খাদ্য পরিদর্শক

সাইবার মামলায় কারাগারে উপ-খাদ্য পরিদর্শক

ফন্ট সাইজ:

পটুয়াখালীর বাউফলে সাইবার সুরক্ষা আইনের মামলায় মো. অলিউল্লাহ (৪৪) নামে এক উপ-খাদ্য পরিদর্শককে কারাগারে পাঠানো হয়েছে। পটুয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আগাম জামিনের আবেদন করলে আদালত সেটা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের বিচারক ছিলেন নওরীন করিম। বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন বাউফল থানা পুলিশ।

মো. অলিউল্লাহ বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামের বাসিন্দা। তিনি মির্জাগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের উপ-খাদ্য পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। এর আগে কৃষকের তরমুজ লুট ও চাঁদাবাজির অভিযোগে দায়ের হওয়া মামলায় গত ২৬ মার্চ পুলিশ তাকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। ওই ঘটনার পর তাকে সাময়িক বরখাস্ত করে কর্তৃপক্ষ। জানা গেছে, আবু সাঈদ ইছা ওরফে শরীফ তালুকদার নামের এক ব্যক্তি তার পরিবারকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা তথ্য, গালাগাল ও মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগ এনে গত ১৪ মে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়েরের আবেদন করেন।

ট্রাইবুনালের বিচারক শারমিন জাহান অভিযোগটি আমলে নিয়ে মামলা রুজুর নির্দেশ দেন এবং তদন্তের দায়িত্ব বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দেন। পরে আদালতের নির্দেশে বাউফল থানা সাইবার সুরক্ষা আইনের ১৭, ২৫ ও ৩০ ধারায় মামলা রুজু করে। বাদী পক্ষের আইনজীবী মো. হারুন অর রশিদ বলেন, অলিউল্লাহ আদালতে হাজির হয়ে আগাম জামিন চাইলে। আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আদালতের নির্দেশে মামলা রুজু করা হয়েছে। মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন