শ্যমনগরে ঘের লুটে বাধা দেয়ায় ৮ জনকে কুপিয়ে জখম

ফন্ট সাইজ:

সাতক্ষীরার শ্যামনগরে ঘের থেকে চিংড়ি লুটে বাধা দেয়ায় নারীসহ আটজনকে কুপিয়ে জখম করেছে যুবলীগ নেতাকর্মীরা। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার রমজাননগর ইউনিয়নের ভৈরবনগর পল্লীতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, মেহেরুন্নেছা বেগম (৪০), মরিয়ম বিবি (৪৫), পারভীন আক্তার (২৪), খাদিজা আক্তার (২৬), গোলাম বারী (৫২), মনিরুল ইসলাম (৪৪), রবিউল ইসলাম (৩০) ও আলমগীর হোসেন (৩৩)।

ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শাহিনুর, সাংগঠনিক সম্পাদক আনারুল ও তার ভাই যুবলীগ কর্মী সিরাজুল ইসলামের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মনিরুল ইসলামের ভাষ্য, রাজনৈতিক প্রভাব খাটিয়ে আওয়ামী লীগ সরকারের সময়ে তাদের জমি আনারুলের পরিবার দখল করে নেয়। ২০২৪ সালের ৫ই আগস্ট পটপরিবর্তনের পর আনারুলসহ তার সহযোগীরা আত্মগোপনে চলে যান। তখন জমি ফিরে পান তারা। সেই থেকে তারা ওই জমিতে চিংড়ি চাষ করে আসছেন। সম্প্রতি আনারুল এলাকায় ফিরে ওই চিংড়িঘের দখলের হুমকি দিয়ে আসছিল।

মনিরুল জানায়, সোমবার রাতে আনারুল, সিরাজুল ও শাহিনের নেতৃত্বে ২০-২২ জন ঘের থেকে চিংড়ি লুটের চেষ্টা করে। এ সময় ঘের পাহারার দায়িত্বে থাকা গোলাম বারী ও রবিউল বাধা দিলে তাদেরকে কুপিয়ে জখম করা হয়। খবর পেয়ে পরিবারের নারী সদস্যসহ অন্যরা এগিয়ে এলে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। একপর্যায়ে খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীদের সহায়তায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেয়।

অভিযুক্ত আনারুল জানান, রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রতিপক্ষ তাদের অনুকূলে রেকর্ড হওয়া জমি দখলে নিয়ে মাছ চাষ করে। নিজেদের মালিকানাধীন জমি উদ্ধার করতে গেলে বাধার মুখে পড়লে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
শ্যামনগর থানার ওসি খালেদুর রহমান জানান, পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন