জামালপুরের বকশীগঞ্জে ও মাদারগঞ্জে বিলে ও গর্তের পানিতে ডুবে মারা গেছে দুই শিশু। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। এর মধ্যে বকশীগঞ্জে মৃত শিশু হলো দুই বছরের মো. আলী। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার গাজীপাড়া এলাকার সিংগিডোবা বিলে ডুবে যায় সে। ওই এলাকার সুজা আলীর ছেলে সে। স্থানীয়রা জানান, সকালে বাড়ির আঙিনায় খেলছিল আলী। কিছুক্ষণ পর তাকে না দেখে খুঁজতে শুরু করে পরিবারের লোকজন। একপর্যায়ে সিংগি বিলে আলীকে ভাসতে দেখে স্থানীয়রা। তাকে তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বকশীগঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম নিশ্চিত করেছেন এ তথ্য। এদিন সকাল ৮টার দিকে মাদারগঞ্জ উপজেলায় বাড়ির সামনে গর্তের পানিতে ডুবে মারা গেছে দেড় বছরের ইয়ামিন। উপজেলার বেতেগা বড় বাড়িতে এই ঘটনা ঘটে। ইয়ামিন ওই এলাকার জাহিদুল ইসলামের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, সম্প্রতি বাড়ির কাজের প্রয়োজনে উঠানের পাশেই একটি গর্ত করে মাটি তোলা হয়েছিল। বৃষ্টিতে তাতে জমেছিল পানি। বাড়ির উঠানে সকালে খেলছিল ইয়ামিন।
কিছু সময় পর তাকে ওই গর্তে ভাসতে দেখেন বাড়ির লোকজন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন ইয়ামিনকে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানালেন জরুরি বিভাগের চিকিৎসক নাহিদুল ইসলাম। মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায় জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
