এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সরকার গণভোট রায় মেনে না নিলে দেশের মানুষের সঙ্গে মিথ্যাচার করছে। তাই সরকারকে লাল কার্ড দেখিয়ে বিদায় দিতে হবে। বিদায়ের সময় ঘনিয়ে আসছে। সরকার দেশ চালাতে ব্যর্থ কারণ হিসেবে তিনি বলেন, ভালো মন্ত্রী দিতে পারেনি। অযোগ্য মন্ত্রী দিয়ে কোনো দিন রাষ্ট্র চালানো সহজ না। সরকার দেশ চালাচ্ছে না দেশ চালাচ্ছে সাধারণ মানুষ। তিনি মঙ্গলবার দুপুরে লালমনিরহাট হাতিবান্ধা আমঝোল সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি খাদেমুল ইসলামের বাড়িতে গিয়ে তার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এ কথা বলেন। নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, সীমান্তে হত্যা হলে সরকার নীরব থাকে। কারণ এই সরকার ভারতের তাঁবেদারি করছে।
আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, জিয়াউর রহমান ক্ষমতায় থাকাকালীন শেখ মুজিবুর রহমান ভারতে পালিয়ে তার গুণ্ডা বাহিনী নিয়ে ভারত থেকে বাংলাদেশের সরকারকে ডিস্ট্রাব করেছে। এখন তার কন্যা শেখ হাসিনা ভারতে পালিয়ে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশের মানুষকে হত্যা করছে। সীমান্তে হত্যা কারও কাম্য নয়। সম্প্রতি সীমান্তে হত্যাকাণ্ডে সরকারের কোনো ভূমিকা নেই। ভারত হত্যা করেছে তাই সরকার নীরব। সীমান্তে হত্যার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।
সীমান্তে হত্যা হলে বিজিবি পুরনো কায়দায় প্রেস নোট দেয় ভারতে গিয়ে চোরাচালান করায় হত্যা হয়েছে। পুরনো কথা ভুলে বিজিবিকে সঠিক চিত্র তুলে ধরতে হবে। তিনি আরও জানান, সীমান্তে হত্যার শিকার পরিবারকে সরকারিভাবে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। তা না হলে সীমান্তে রেড অ্যালার্ট জারি করতে হবে সরকারকে। নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ভারত আমাদের সীমান্তে হত্যা ও নদীতে পানি দিচ্ছে না। পানি চুক্তি দিচ্ছে না ভারত। তিস্তা কীভাবে পদ্মায় গেল তা মানুষ বুঝতে পেরেছে। নদীতে পানি চাই। সীমান্তে এলিট ফোর্স তৈরি করতে হবে। ভারতের সঙ্গে চুক্তি আদায়ে কঠোর হতে হবে।
