কক্সবাজারের উখিয়ার লাম্বাশিয়া পুলিশ ক্যাম্প এলাকায় ইন্টেলিজেন্স তথ্যের ভিত্তিতে ১৪ এপিবিএন পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়েছে। এ সময় ৩ জনকে আটক করা হয়। জানা যায়, গত সোমবার লাম্বাশিয়া পুলিশ ক্যাম্পের জিডি’র ভিত্তিতে প্রাপ্ত গোয়েন্দা তথ্য অনুযায়ী গতকাল দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ক্যাম্প-১ (ইস্ট) এলাকার একটি বসতঘরে ১৪ এপিবিএন-এর বিশেষ দল অভিযান পরিচালনা করে।
অভিযানে নুর সেহেরা (১৮), জাহিদ হোসেন (৩৮) ও আব্দুল হামিদ (৩২) নামে ৩ জনকে আটক করা হয়। তল্লাশিকালে জাহিদ হোসেনের কাছ থেকে ৫ রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় তার ব্যাগ থেকে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে নুরের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা এবং হামিদের কাছ থেকে ১ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৫ লাখ ৪০ হাজার টাকা বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ ছাড়া উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন আনুমানিক ৪ কেজি ২৪০ গ্রাম। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ঘটনাস্থলেই জব্দ তালিকা প্রস্তুত করে আলামতসমূহ ক্যাম্পে নেয়া হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
