সুবর্ণচরে পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি

১০ ভরি স্বর্ণও ৬ লাখ টাকা লুট

ফন্ট সাইজ:

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা জানালার গ্রিল ও কাঁচ ভেঙে ঘরে ঢুকে ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৬ লাখ টাকাসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। সোমবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শান্তিরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মো. রিফাত হোসেন কুমিল্লা জেলা পুলিশের উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত। তিনি শান্তিরহাট এলাকার আজাদ মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের আঁধারে একটি মোটরসাইকেল ও একটি ব্যক্তিগত গাড়ি নিয়ে কয়েকজন দুর্বৃত্ত বাড়ির সামনে আসে। পরে জানালার গ্রিল কেটে ও থাই গ্লাস খুলে তারা বসতঘরে প্রবেশ করে। এরপর স্টিলের আলমারি ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নেয়। ঘটনার সময় বাড়িতে এসআই রিফাতের মা ও ছোট বোন ছিলেন। কাঁচ ভাঙার শব্দে ঘুম ভেঙে গেলে তার মা চিৎকার দেন। এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দেখিয়ে হত্যার হুমকি দেয় বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা। পরে এলাকাবাসী এগিয়ে এলে লুটেরারা দ্রুত পালিয়ে যায়।

এসআই রিফাত হোসেন বলেন, দুর্বৃত্তরা ১০ ভরি স্বর্ণালংকার ও আমার বড় ভাইয়ের ব্যবসার নগদ ৬ লাখ টাকাসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে। এ বিষয়ে চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান বলেন, ৫ লাখ টাকা ও পাঁচ ভরি স্বর্ণ চুরির অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় একটি চুরির মামলা নেয়া হয়েছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন