গাজীপুরের শ্রীপুর পৌরসভা কার্যালয়ের ভেতরে এক সাংবাদিকের ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে সংবাদ সংগ্রহ করতে গেলে মানবজমিনের শ্রীপুর প্রতিনিধি এনামুল হক আকন্দের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগে জানা যায়, পৌরসভার সার্ভেয়ার মিজানুর রহমান সাংবাদিক এনামুল হক আকন্দকে অকথ্য ভাষায় গালাগাল করে মারধর করেন। অভিযুক্ত মিজানুর রহমান পৌর এলাকার লোহাগাছ গ্রামের কাজী আব্দুল মান্নানের ছেলে।
ভুক্তভোগী সাংবাদিক এনামুল হক আকন্দ বলেন, অফিস চলাকালে দায়িত্ব অবহেলা করে সার্ভেয়ার মিজানুর রহমান ঘুমিয়ে থাকেন। সম্প্রতি অফিসের ভেতরে তার ঘুমানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই বিষয়ে তথ্য সংগ্রহ করতে পৌর কার্যালয়ে গেলে মিজানুর রহমান ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালান। পরে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ বিষয়ে শ্রীপুর পৌর প্রশাসক নাহিদ ভূঁইয়া বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। অভিযোগ তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির আহমেদ বলেন, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
