বাগেরহাটের মোরেলগঞ্জে মিন্টু শেখ ওরফে মিঠু শেখ (৪৫) নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় হোগলাপাশা ইউনিয়নের বৌলপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা তার ডান হাত কেটে নিয়ে যায়। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানার ওসি মো. মাহমুদুর রহমান। নিহত মিঠু উপজেলার হোগলাপাশা ইউনিয়নের বৌলপুর গ্রামের ওহেদ শেখের ছেলে।
থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার বিকালে কলাবাগানে কাজ শেষে করে বাড়ি ফিরছিলেন মিঠু। এ সময় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে ফেলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইয়াদ জানান, নিহত মিঠু হোগলাপাশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য ছিল। আমরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।
তিনি আরও জানান, বিগত কয়েক বছর আগে মিঠুর চাচাতো ভাই মাস্টার গোলাম রসুলকেও হত্যা কারা হয়েছিল।
মোরেলগঞ্জ থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, ‘খবর পেয়ে মোরেলগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।’
তিনি আরও বলেন, ‘হত্যাকারীদের আটকের জন্য অভিযান শুরু হয়েছে।’ প্রাথমিকভাবে জমি জমা সংক্রান্ত বিরোধে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানান তিনি।
