নাটোরের লালপুরে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলার লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের পালিদেহা গ্রামে তাদের আটক করা হয়। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদে পালিদেহা গ্রামের আক্কাস মেম্বারের বাড়ির সামনে একটি সাদা রঙের প্রাইভেটকার থামিয়ে অভিযান চালায় পুলিশ।
এ সময় উপজেলার গৌরীপুর গ্রামের মো. মনিরুজ্জামান (৩৯), পাবনার ঈশ্বরদী উপজেলার পশ্চিম টেংরী গ্রামের মো. মাহমুদ হাসান ওরফে সোনামনি (৪০), মো. সামিউল ইসলাম (৪৬) ও মো. কাজলকে (৪০) আটক করা হয়। তবে অজ্ঞাতনামা একজন দৌড়ে পালিয়ে যায়। এ সময় আটক ব্যক্তিদের তল্লাশি করে তাদের হেফাজতে থাকা একটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি, দুটি লোহার তৈরি কালো রঙের ম্যাগাজিন এবং ছয়টি বিভিন্ন ধরনের মোবাইল ফোন উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম পলাশ মানবজমিনকে জানান, অস্ত্র আইনে মামলা দিয়ে আসামিদের আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
