দীর্ঘ ১৭ বছর অবজ্ঞা অবহেলায় পড়ে থাকা মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম এলাকায় জিয়া শিশু পার্কটির সংস্কার কাজ শুরু হয়েছে। প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে স্থাপিত এই পার্কটি সংস্কার হলে এলাকার শিশু-কিশোররা খুঁজে পাবে বিনোদনের স্থায়ী ঠিকানা।
মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতার সার্বিক সহযোগিতায় জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত জিয়া শিশু পার্কটির সংস্কার কাজ শুরু হওয়ায় এলাকার মানুষজন খুশি। সম্প্রতি জরাকীর্ণ এই শিশু পার্কটি নিয়ে মানবজমিনে একাধিক প্রতিবেদন হয়েছিল। প্রতিবেদনটি নজরে আসার পর জাতীয় সংসদ নির্বাচনের আগেই আফরোজা খানম রিতা জিয়া শিশু পার্কটি পরিদর্শনে যান এবং পার্কটি সংস্কারের দায়িত্ব নেন।
এলাকার শিশু শিক্ষার্থীরা জানান, জিয়া শিশু পার্কটি নামে থাকলেও ছিল অবহেলিত। এখানে তাদের খেলাধুলার কোনো রাইড ছিল না। পার্কটি সচল এবং বিভিন্ন রাইড স্থাপন হলেই এলাকার শিশুরা খুঁজে পাবে বিনোদনের ঠিকানা। শিশুদের অভিভাবকরা জানিয়েছেন, অবহেলিত এবং ভেঙে পড়া জিয়া শিশু পার্কটি সংস্কার তাদের প্রাণের দাবি ছিল। কারণ শিশুদের লেখাপড়ার পাশাপাশি বিনোদন খুবই দরকার। পাশাপাশি এলাকার মানুষজনের একটু বিনোদনের জায়গাও তৈরি হবে।
