রংপুরে শিক্ষার্থী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ফন্ট সাইজ:

রংপুরে স্কুল শিক্ষার্থী অপহরণ মামলার প্রধান আসামি মো. রাকিব মিয়া (১৮) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার এ তথ্য নিশ্চিত করেন র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী। এর আগে গত রোববার বিকালে গাজীপুর বাসন সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আসামি রাকিব জেলার মিঠাপুকুরের কিসমত জালাল এলাকার মনছুর আলীর ছেলে। মামলার এজাহারের বরাত দিয়ে র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, ভুক্তভোগী স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষার্থী। বিদ্যালয়ে যাতায়াতের পথে রাকিব বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দেয়াসহ উত্ত্যক্ত করে আসছিল। গত বছরের ২২শে অক্টোবর মিঠাপুকুর গড়েরহাটে যাওয়ার সময় রাকিব ও তার সহযোগীরা মিলে ওই শিক্ষার্থীকে জোর করে অটোরিকশায় তুলে নিয়ে যায়।

পরে ওই শিক্ষার্থীর নানি ছমিনা খাতুন রাকিবের বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করলে পরিবারের সদস্যরা জানায় তার নাতনি এখানেই আছে। এ কথা শুনে ছমিনা তার নাতনিকে ফেরত চাইলে রাকিবের পরিবারের লোকজন ছমিনাকে ভয় দেখিয়ে বাড়ি থেকে বের করে দেয়। এর ৩দিন গত পর ২৫শে অক্টোবর ছমিনা বাদী হয়ে মিঠাপুকুর থানায় অপহরণ ও হুমকি প্রদানের মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই রাকিব আত্মগোপনে চলে যায়। র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, ভুক্তভোগী শিক্ষার্থী ও আসামি রাকিবকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন