মিরসরাইয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় কিশোর নিহত

ফন্ট সাইজ:

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় শাহিন আলম (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের বিএসআরএমের গেটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিন আলম উপজেলার ৮নং দুর্গাপুর ইউনিয়নের পূর্ব রায়পুর এলাকার মো. আবুল হোসেনের ছেলে।

জানা যায়, টহলরত পুলিশ সোনাপাহাড় এলাকায় অবস্থানকালে ৯৯৯-এর মাধ্যমে দুর্ঘটনার খবর পায়। পরে ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত শাহিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শাহিন। মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ডা. মিনহাজ উদ্দিন বলেন, গুরুতর আহত এক কিশোরকে হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়। তার শরীরে প্রচুর রক্তক্ষরণ হয়। দুর্ঘটনার বিষয় নিশ্চিত করে জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুজ্জামান ভূঁইয়া বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে কল পেয়ে আমাদের টহল টিম ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় একজনকে উদ্ধার করে পরে হাসপাতালে তার মৃত্যু হয়। অভিযুক্ত গাড়ি এবং চালক পলাতক রয়েছে। এবিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন