কুলাউড়ায় সিএনজি’র ধাক্কায় আহত বিদ্যুৎকর্মীর মৃত্যু

ফন্ট সাইজ:

মৌলভীবাজারের কুলাউড়ায় সিএনজি অটোরিকশার ধাক্কায় আহত বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লাইনম্যান হারুন আলী (৫৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কুলাউড়া বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহাদাত হোসেন।

এর আগে গত ১৩ই মে রাত সাড়ে ১১টার দিকে পৌর শহরের চাতলগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই ঘটনায় আহত হন বিদ্যুৎ বিভাগের আরও দুই কর্মচারী হেলপার নানু মিয়া (৪০) ও গাড়িচালক কামরুল ইসলাম (৩০)। জানা যায়, রাতে কাজ শেষে তিন কর্মচারী হেঁটে বাসায় ফিরছিলেন। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি সিএনজি অটোরিকশা তাদের ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে গুরুতর আহত হারুনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা সিএনজিসহ চালককে আটক করে থানায় নিলেও পরে চালক পালিয়ে যায় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় বিদ্যুৎ বিভাগের একজন কর্মকর্তা বাদী হয়ে কুলাউড়া থানায় মামলা দায়ের করেছেন। কুলাউড়া থানার ওসি মনিরুজ্জামান মোল্যা জানান, নিহতের ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত চালককে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন