ফরিদপুরের সালথা উপজেলার দুটি গুরুত্বপূর্ণ স্থানে ব্রিজ নির্মাণকাজ চললেও বিকল্প সড়কের ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে পড়েছেন মানুষ। উপজেলার সালথা সদর বাজার ও বালিয়াগট্টি বাজার এলাকায় চলমান ব্রিজ নির্মাণের কারণে বন্ধ হয়ে গেছে সরাসরি যান চলাচল।
এতে প্রতিদিন দীর্ঘ পথ ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে যাত্রী, ব্যবসায়ী, শিক্ষার্থী ও পরিবহন চালকদের। স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুর-সালথা সড়কটি জেলার অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম আঞ্চলিক সড়ক। প্রতিদিন এ সড়ক দিয়ে বিভিন্ন উপজেলার মানুষ জেলা শহরসহ আশপাশের এলাকায় যাতায়াত করেন। এ ছাড়া কৃষিপণ্য, মাছ, সবজি ও বিভিন্ন মালামাল পরিবহনের ক্ষেত্রেও সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু নির্মাণাধীন দুটি ব্রিজের কারণে সরাসরি যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ায় এখন বিকল্প সরু ও ঝুঁকিপূর্ণ সড়ক ব্যবহার করতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, কোনো ধরনের পরিকল্পিত বিকল্প ব্যবস্থা ছাড়াই ব্রিজের কাজ শুরু করায় দুর্ভোগ কয়েকগুণ বেড়ে গেছে।
সালথা বাজারের ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, আগে কয়েক মিনিটেই বাজারে আসা যেতো। এখন কয়েক কিলোমিটার ঘুরে আসতে হয়। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন বাস, মাহেন্দ্র ও পণ্যবাহী যানবাহনের চালকরা। সরু রাস্তায় যানবাহন ক্রসিং করতে গিয়ে প্রায়ই সৃষ্টি হচ্ছে যানজট। স্থানীয়দের দাবি, জনগণের ভোগান্তির বিষয়টি বিবেচনায় রেখে আগে বিকল্প চলাচলের রাস্তা নিশ্চিত করা উচিত ছিল। দ্রুত অন্তত সাময়িকভাবে চলাচল উপযোগী রাস্তা নির্মাণের দাবি জানিয়েছেন তারা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দবির উদ্দিন বলেন, নির্মাণাধীন ব্রিজের আশপাশে বিকল্প রাস্তা তৈরির জন্য পর্যাপ্ত জায়গা পাওয়া যায়নি। স্থানীয়ভাবে কেউ জায়গা দিলে দ্রুত বিকল্প চলাচলের ব্যবস্থা করা হবে।
