মৌলভীবাজারের শমসেরনগরে অবস্থিত ডানকান ক্যামেলিয়া ফাউন্ডেশন হাসপাতাল চালুর দাবিতে মানববন্ধন করেছেন রাজনগরের উদনা চা বাগানের শ্রমিকরা। রোববার দুপুরে বাগান এলাকায় চা শ্রমিকরা এ মানববন্ধন করে। গত ৫২ দিন ধরে ক্যামেলিয়া হাসপাতালটি বন্ধ থাকায় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন ফাঁড়ি বাগানসহ ৩৫টি চা বাগানের লক্ষাধিক চা জনগোষ্ঠী। উন্নত চিকিৎসাসেবা সমৃদ্ধ ৫০ শয্যার হাসপাতালটি খুলে দেয়ার দাবিতে প্রতিদিনই ডানকান ব্রাদার্সের চা বাগানের শ্রমিকরা মানববন্ধন করছেন।
গত ২৬শে মার্চ শমসেরনগর চা বাগানের বাসিন্দা ঐশী রবিদাশ (১৩) ডানকান ক্যামেলিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে উত্তেজিত হয়ে হাসপাতালের চিকিৎসক কর্মচারীদের অবরুদ্ধ করে রাখেন তার স্বজনরা। এ সময় তাদের শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রশাসন।
পরদিন থেকে নিরাপত্তার অভাবে চিকিৎসা কর্যক্রম বন্ধ করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। রাজনগর উপজেলার উদনা চা বাগানে স্থানীয় ইউপি সদস্য রামভজন গোয়ালার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রামভজন কৈরি, শ্রমিক নেতা সীতারাম বিন, মালিয়া বাউরী, আমির আলী, রেখা বাকতি, সবিতা বোনার্জীসহ শ্রমিক নেতারা। এ সময় নিম্নআয়ের চা শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে হাসপাতাল চালু করার দাবি জানান বক্তারা।
