কুমিল্লার মেঘনা উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র উদ্যোগে পদযাত্রা ও যোগদান অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে দলটির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এমপি বলেন, এই সরকারের অনেক গুণ, ৩ মাসে ৪টি খুন। রোববার দুপুরে মেঘনা উপজেলা পরিষদ মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। এর আগে সকাল ১১টায় পদযাত্রা শুরু হয়ে উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়।
অনুষ্ঠানে বক্তারা অভিযোগ করেন, গত তিন মাসে মেঘনা উপজেলায় বড় ধরনের চারটি ঘটনা ঘটেছে, যাতে তিনজন নিহত হয়েছেন। এ সময় বিভিন্ন ঘটনার ভুক্তভোগী পরিবারের সদস্যরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিচার দাবিতে অনুষ্ঠানে উপস্থিত হন। তারা প্রধান অতিথি হাসনাত আবদুল্লাহর সামনে নিজেদের অভিযোগ তুলে ধরেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এনসিপি’র যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ। সভাপতিত্ব করেন মেঘনা উপজেলা এনসিপি’র প্রধান সমন্বয়ক এম কে রশিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা এনসিপি’র যুগ্ম সমন্বয়ক নাজিমুজ্জামান।
এ ছাড়াও বক্তব্য রাখেন জেলা সদস্য মাওলানা শওকত আদনানসহ স্থানীয় নেতারা। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা প্রায় ১০০ নেতাকর্মী হাসনাত আবদুল্লাহর হাত ধরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগদান করেন। এ কর্মসূচির আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুমিল্লা জেলা ও কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) শাখা।
