জামিনে বের হয়ে বাদীকে হুমকি দেয়ার প্রতিবাদে হানিট্র্যাপ মামলার আসামি আজাহার উদ্দিন খানকে পুনরায় গ্রেপ্তার করে আইনের আওতায় নেয়ার দাবিতে পটুয়াখালীতে কাফনের কাপড় পরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়েছে। রোববার সকালে সদর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের সচেতন নাগরিক সমাজের আয়োজনে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- হাজির হাটের ব্যবসায়ী আনোয়ার হাওলাদার, মাওলানা মোজাম্মেল মোল্লা, কাওসার মল্লিক, বিল্লাল হাওলাদার, সুলতান হাওলাদার, আবুল হোসেন হাওলাদার, মাওলানা জোবায়ের প্রমুখ।
বক্তারা বলেন, হাজিরহাট এলাকার কুখ্যাত সন্ত্রাসী ও হানিট্র্যাপ চক্রের মূলহোতা আজাহার খানকে পুলিশ গ্রেপ্তার করার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই সে জামিনে বের হয়ে আসে। কারামুক্ত হয়েই আজাহার প্রকাশ্যে মামলার বাদীকে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে এবং মামলা তুলে না নিলে প্রাণনাশের হুমকি দেয়।
এ ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্মারকলিপিতে ভুক্তভোগীরা উল্লেখ করেছেন, চাঁদাবাজ, সন্ত্রাসী, হানিট্রাপ চক্রের হোতা আজাহার উদ্দিন খানের অত্যাচার ও নির্যাতনে এলাকার আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। সাধারণ মানুষের জানমাল ও নিরাপত্তা এখন মারাত্মক হুমকির মুখে।
আজাহার খানের নেতৃত্বে হানিট্রাপের চক্রটি সাধারণ, নিরীহ ব্যবসায়ীদের টার্গেট করে অনৈতিক ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। গত ১০ই মে ব্যবসায়ী শহিদুল ইসলামকে হানিট্রাপের মাধ্যমে ১৫ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় পুলিশ ১৩ই মে আজাহার খান সহ তিনজনকে আটক করে। এই দুর্ধর্ষ প্রভাবশালী আজাহার খানকে আটকের ২৪ ঘণ্টার মধ্যে জামিনে মুক্ত হয়। এ ছাড়াও তার (আজাহার খান) বিরুদ্ধে স্থানীয় ব্যবসায়ী, বাড়ি নির্মাণকারী ও সাধারণ চাকরিজীবীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির অনেক অভিযোগ রয়েছে।
