কুমিল্লার এসপি’র প্রত্যাহার চান এমপি আবুল কালাম

ফন্ট সাইজ:

কুমিল্লার এসপি আনিসের প্রত্যাহার চান কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম। গতকাল বিকালে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি অবিলম্বে এসপি’র প্রত্যাহার দাবি করেন।
তিনি বলেন, শনিবার প্রধানমন্ত্রী চাঁদপুর যাওয়ার পথে লাকসামে মুদাফফরগঞ্জ বাজারে এক পথসভায় বক্তব্য দেয়ার কথা ছিল। সেই মোতাবেক মঞ্চের আশপাশ এলাকায় মাইক লাগানো হয়।

কিন্তু কুমিল্লার এসপি’র নির্দেশে মাইকগুলো খুলে ফেলা হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে গত মঙ্গলবার সংসদ সদস্য মো. আবুল কালাম সাক্ষাৎ করে লাকসামে পথসভায় বক্তব্য দেয়ার অনুরোধ করেন এবং দাওয়াত দেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মাইক ব্যবহার করার অনুমতিও দেয়া হয়েছিল। প্রধানমন্ত্রী মঞ্চে না উঠলেও গাড়ি থেকে এক মিনিট বক্তব্য দেবেন বলে জানানো হয়েছে। সেই মোতাবেক ওই এলাকায় ২০ থেকে ২৫ হাজার লোকের সমাগম হয়।

প্রধানমন্ত্রী এলেন, গাড়ি থেকে নামলেন, মঞ্চে উঠলেন এবং তিন মিনিট বক্তব্য দিলেন। তবে মাইকগুলো খুলে ফেলায় উপস্থিত নেতাকর্মী-সমর্থকরা প্রধানমন্ত্রীর বক্তব্য ভালোভাবে শুনতে পারেনি। এতে সংক্ষুব্ধ সংসদ সদস্য আবুল কালাম অবিলম্বে এসপি’র প্রত্যাহার চান।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন