রাউজানে সাঁড়াশি অভিযানের ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের নবনিযুক্ত পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম। তিনি বলেন, রাউজানের পাহাড়ি ও দুর্গম এলাকাকে কেন্দ্র করে সন্ত্রাসী কর্মকাণ্ড সক্রিয় রয়েছে। সামপ্রতিক কয়েকটি বড় অপরাধ ও টার্গেট কিলিংয়ের ঘটনায় রাউজানের সন্ত্রাসীদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। আমরা পরিকল্পিতভাবে অভিযান পরিচালনা করে রাউজানকে সন্ত্রাসমুক্ত করতে চাই।
রোববার চট্টগ্রাম পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় রাউজানের পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পুলিশ সুপার মাসুদ আলম বলেন, রাউজানে সন্ত্রাস ও টার্গেট কিলিং ঠেকাতে সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয়ে বড় ধরনের অভিযান পরিচালনার প্রস্তুতি চলছে। এ ক্ষেত্রে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে পুলিশ। তিনি বলেন, চট্টগ্রাম শহরে সংঘটিত কিছু টার্গেট কিলিংয়ের ঘটনায় প্রায়ই রাউজানের নাম উঠে আসে।
আবার রাউজানের অপরাধ পরিস্থিতি নিয়ে আলোচনা হলে পাহাড়ি এলাকা থেকে অপরাধীরা আসে বলেও বিভিন্ন তথ্য পাওয়া যায়। এসব বিষয়কে গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছে জেলা পুলিশ। পুলিশ সুপার আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে কোনো রাজনৈতিক চাপ বা দলীয় প্রভাবের কাছে নতি স্বীকার করা হবে না। পেশাদারিত্বের সঙ্গে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
