অবহেলিত নারী ও শিশুদের নিয়ে কাজ করার ইচ্ছা নারী সংসদ সদস্য নাদিয়া পাঠানের

ফন্ট সাইজ:

ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়ন এবং অবহেলিত নারী ও শিশুদের নিয়ে কাজ করার ইচ্ছা ব্যক্ত করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও ঢাকা দক্ষিণ মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য নাদিয়া পাঠান পাপন। জনগণের কথা বলার, জনগণের জন্য কাজ করার যে সুযোগ তিনি পেয়েছেনÑ তা বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন। নারী সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর রোববার প্রথম নিজ এলাকায় এসে নানা কর্মসূচিতে যোগ দেয়া ছাড়াও ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পাপন।

এ সময় তিনি বলেন, মানুষ পদ, পদবি, ক্ষমতা যখন পেয়ে বসে তখন তাকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করে। যখন আঁকড়ে ধরতে যায় তখন কালের স্রোত তাকে ভাসিয়ে নিয়ে যায়। তার আর অস্তিত্ব থাকে না। আমি মহাকালের স্রোতে বিলীন হবো একদিন, এটা সত্য। আমার কর্ম যেন মহাকাল ধারণ করে। আমার কর্ম যেন মানুষের হৃদয়ে থাকে, মনে থাকে। জেলার বিজয়নগর উপজেলার বাসিন্দা নাদিয়া পাঠান দিনভর জেলা সদর ছাড়াও বিজয়নগর উপজেলায় কয়েকটি কর্মসূচিতে যোগ দেন। সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে জেলা শহরের পশ্চিম মেড্ডায় হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব শায়েখ সাজিদুর রহমানের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।

পরে তিনি ফারুকী পার্কস্থ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তিনি জেলা প্রশাসন ও পুলিশের কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় করেন। বেলা দেড়টার দিকে তিনি ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন