সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। হঠাৎ এ ধরনের কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। রোববার সকালে উপজেলার সোনতলা ব্রিজের ওপর মুখে মাস্ক পরিহিত ৩০-৩৫ জন ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলটি বের করেন। তবে কারও নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানায়, সকালে ৩০-৩৫ জন ছাত্ররা ব্রিজের উপর আকস্মিকভাবে ওই মিছিলটি বের করেন। এ সময় তারা জয় বাংলা বলে বিভিন্ন সেøাগান দেন। এরপর কয়েক মিনিটের মধ্যেই মিছিলটি শেষ করে তারা দ্রুত এলাকা ত্যাগ করেন। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বিএনপি নেতা বলেন, স্কুল-কলেজপড়ুয়া কিছু ছাত্র একটি চোরাগোপ্তা মিছিল করে পালিয়েছে। পরে আমরা মোটরসাইকেল নিয়ে বেরিয়ে তাদের খুঁজে পাইনি। প্রশাসনের গাফিলতির কারণেই এমন নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীরা এই তৎপরতা চালানোর সুযোগ পেয়েছে বলে তিনি দাবি করেন।
এ প্রসঙ্গে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান বলেন, ছড়িয়ে পড়া ওই ভিডিওটি আমি দেখেছি। তবে সেটি আজকের মিছিল কিনা, সেটা আমরা খতিয়ে দেখছি। সেই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিলে অংশগ্রহণকারীদের পরিচয় শনাক্তের কাজ চলছে।
