লম্বা ছুটি কাটিয়ে ঢাকায় কাবরেরা

লম্বা ছুটি কাটিয়ে ঢাকায় কাবরেরা

ফন্ট সাইজ:

১৮ই নভেম্বর ঢাকায় ভারতের বিপক্ষে সর্বশেষ ম্যাচ খেলেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ওই ম্যাচের পরেই পরিবারের সঙ্গে সময় কাটাতে স্পেন ফিরে যান হাভিয়ের কাবরেরা। বাংলাদেশের পরবর্তী আন্তর্জাতিক ম্যাচ ৩১শে মার্চ সিঙ্গাপুরে। এই ম্যাচকে সামনে রেখে প্রায় দুই মাসের লম্বা ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন জাতীয় ফুটবল দলের এই হেড কোচ। সিঙ্গাপুরের আগে ভিয়েতনামের বিপক্ষে একটি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচ চূড়ান্ত হলেও বাফুফে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি। অথচ জাতীয় দল কমিটির সভার পর ডেপুটি চেয়ারম্যান ইমরুল হাসান জানিয়েছিলেন, সিঙ্গাপুর ম্যাচের আগে সিলেটে একটি প্রীতি ম্যাচ খেলানোর পরিকল্পনা রয়েছে ফেডারেশনের। এমন সিদ্ধান্তের কয়েকদিন পরই জানা যায় ভিয়েতনামে খেলার বিষয়টি চূড়ান্ত হয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ ফুটবল দলের হেড কোচের দায়িত্ব পালন করছেন কাবরেরা। তিন দফায় তার চুক্তির মেয়াদ বেড়েছে। ৩১শে মার্চ সিঙ্গাপুর ম্যাচই শেষ ম্যাচ চুক্তি অনুযায়ী। হামজা-সামিতের মতো খেলোয়াড় আসার পরও বাংলাদেশ এশিয়া কাপে খেলতে না পারার পেছনে ফুটবল সংশ্লিষ্টরা কোচকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। ৩১শে মার্চের পর কাবরেরার ভবিষ্যৎ নির্ধারণ হবে। ডিসেম্বর মাস ঘরোয়া ফুটবল হয়েছে। ওই সময় স্পেন থাকায় সেভাবে সশরীরে খেলা দেখতে পারেননি কাবরেরা। জানুয়ারি মধ্যবর্তী দলবদলের জন্য খেলা হয়নি। ৩রা ফেব্রুয়ারি দ্বিতীয় লেগ শুরুর কথা থাকলেও হয়নি। ফেব্রুয়ারির অর্ধেক মাস পেরিয়ে গেলেও ক্লাবগুলো জানে না কবে থেকে খেলা শুরু হবে। জাতীয় দলের প্রস্তুতির দিনক্ষণও চূড়ান্ত হয়নি।




কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন