টি-টোয়েন্টি বিশ্বকাপ: ইতিহাস গড়ে আবেগাপ্লুত নেপালের রোহিত

টি-টোয়েন্টি বিশ্বকাপ: ইতিহাস গড়ে আবেগাপ্লুত নেপালের রোহিত

ফন্ট সাইজ:

টি-টোয়েন্টি বিশ্বকাপে ১২ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো হিমালয়ের দেশ নেপালের। গ্রুপ ‘সি’-এর শেষ ম্যাচে গতকাল স্কটল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে আসরে নিজেদের প্রথম জয়ের দেখা পায় তারা। রোমাঞ্চকর এই জয়ের পর আবেগাপ্লুত অধিনায়ক রোহিত পৌড়েল পুরো দলকে কৃতিত্ব দেন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অধিনায়ক রোহিত পৌড়েল বলেন, ‘এই জয় আমাদের জন্য অনেক বড় কিছু। অধিনায়ক হিসেবে এটি আমার দ্বিতীয় বিশ্বকাপ। শেষ ম্যাচে এসে জয় পাওয়াটা পুরো দলের জন্য খুব জরুরি ছিল।’ প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ৪ রানে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল নেপালের। মাঝে ইতালির বিপক্ষে খেই হারালেও শেষ ম্যাচে স্বরূপে ফেরে তারা। স্কটল্যান্ডকে ১৭০ রানে আটকে দেয়ার পেছনে ডেথ ওভারের দুর্দান্ত বোলিংকে কৃতিত্ব দিয়েছেন অধিনায়ক। তিনি বলেন, ‘আমরা উইকেট নেয়ার চেয়ে ডট বল দেয়ার দিকে বেশি মনোযোগী ছিলাম।’
ম্যাচ জেতানো ইনিংস খেলে ম্যাচসেরা হওয়া দীপেন্দ্র সিং আইরি একে ক্যারিয়ারের সেরা ইনিংস হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘বিগত ম্যাচগুলোর অভিজ্ঞতা কাজে লেগেছে। বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে রান তাড়া করতে না পারার আক্ষেপ আমাদের শিখিয়েছে কীভাবে স্নায়ু ধরে রাখতে হয়।’ অধিনায়ক রোহিত পৌড়েল গ্যালারিতে উপস্থিত হাজারো নেপালি সমর্থকদের কৃতজ্ঞতা জানাতে ভুলেননি। ইংল্যান্ডের বিপক্ষে হারের পরও যেভাবে সমর্থকরা টিকিট কেটে মাঠে এসে দলকে উৎসাহ দিয়েছেন, তা নেপালি ক্রিকেটারদের দারুণভাবে অনুপ্রাণিত করেছে বলে জানান তিনি। অন্যদিকে স্কটল্যান্ডের অধিনায়ক রিচি বেরিংটন পরাজয় মেনে নিয়ে দীপেন্দ্রর ইনিংসের প্রশংসা করেন। তিনি বলেন, ‘নেপালের সমর্থকদের গর্জন আর গ্যালারির পরিবেশ ছিল অবিশ্বাস্য। দীপেন্দ্রর ওই ইনিংসটিই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। ১৭০ রান লড়াই করার মতো পুঁজি ছিল, কিন্তু দীপেন্দ্র আমাদের হাত থেকে ম্যাচটি ছিনিয়ে নিয়েছে।’




কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন