সুপার এইটের আগেই বড়সড় ধাক্কা খেলো শ্রীলঙ্কা। পেশিতে টান লাগার কারণে বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন পেসার মাথিশা পাথিরানা। তার পরিবর্তে লঙ্কান দলে অন্তর্ভুক্ত করা হয়েছে সদ্যই চোট থেকে ফেরা দিলশান মাদুশাঙ্কা। পাল্লেকেলেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত জয়ের দিন শঙ্কা দেখা দেয় লঙ্কান দলে। ম্যাচের চতুর্থ বলটি করেই বাঁ পা চেপে ধরে মাটিতে লুটিয়ে পড়েন পাথিরানা। পরে তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। ইনিংসটিতে তিনি আর বোলিংয়ে ফিরতে পারেননি। জিম্বাবুয়ের বিপক্ষে আজ গ্রুপপর্বের শেষ ম্যাচে নামবে এবারের সহ-আয়োজক দেশটি। এর আগে লঙ্কানদের ব্যাটিং পরামর্শদাতা বিক্রম রাঠোর পাথিরানার চোটের গুরুত্ব সম্পর্কে বলেন, ‘আমার মনে হয় তাকে টুর্নামেন্টের বাকি সময়ের জন্য অনুপযুক্ত ঘোষণা করা হয়েছে।
যদি তাকে ছিটকে দেয়া হয়, তবে সে খবর শিগগিরই আসবে। বদলি খেলোয়াড়ের বিষয়ে এখনো আলোচনা চলছে।’ ঘণ্টাখানেকের মধ্যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) একটি আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, পাথিরানার পরিবর্তে মাদুশাঙ্কাকে দলে নেয়ার অনুমোদন দেয়া হয়েছে। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড়কে বদলি হিসেবে দলে অন্তর্ভুক্ত করতে হলে ইভেন্ট টেকনিক্যাল কমিটির আনুষ্ঠানিক সম্মতি প্রয়োজন। সেই অনুমোদন পাওয়ার পরই সংশ্লিষ্ট খেলোয়াড়কে চূড়ান্তভাবে স্কোয়াডে সংযোজন করা যায়।
নিঃসন্দেহে শ্রীলঙ্কার ‘ডেথ ওভার’ বোলারদের মধ্যে সেরা একজন পাথিরানা। জানা গেছে, ২৩ বছর বয়সী এ ফাস্ট বোলারের সুস্থ হয়ে উঠতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। তবে এই মুহূর্তে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) পাথিরানার অংশগ্রহণ নিয়ে শঙ্কা নেই।
দীর্ঘ চোট কাটিয়ে সদ্যই ম্যাচের জন্য ফিট হয়েছেন বাঁহাতি পেসার দিলশান মদুশঙ্কা। যদিও তার আন্তর্জাতিক টি-টোয়েন্টি পরিসংখ্যান খুব উজ্জ্বল নয়। ১৫ ম্যাচে ৯.৭৫ ইকোনোমিতে ১৫ উইকেট রয়েছে তার ঝুলিতে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের প্রথম ম্যাচে আগামী ২২শে ফেব্রুয়ারি পালেকেল্লেতে ইংল্যান্ডের বিপক্ষে নামবে শ্রীলঙ্কা। এরপর খেত্তারামায় লঙ্কানরা খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। পুনরায় পাল্লেকেলেতে এ পর্বের তাদের শেষ ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে।
সুপার এইটের আগে বড় ধাক্কা লঙ্কান দলে
স্পোর্টস ডেস্ক
১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
