‘উন্নয়নমূলক কাজে কোনো ধরনের অনিয়ম মেনে নেয়া হবে না’

‘উন্নয়নমূলক কাজে কোনো ধরনের অনিয়ম মেনে নেয়া হবে না’

ফন্ট সাইজ:

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, সরকারের উন্নয়নমূলক কাজে কোনো ধরনের অনিয়ম এবং দুর্নীতি মেনে নেয়া হবে না। ঠিকাদারদের কাছ থেকে এলাকার মানুষজনকে সঠিকভাবে কাজ বুঝে নিতে হবে। তা ছাড়া যে সমস্ত ঠিকাদার কাজ পাবে, তাদেরকেই কাজ করতে হবে। অন্য কেউ সেই কাজ করলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। শনিবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার বাংলাদেশ হাট-রানাদিয়া সড়কের কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, নির্বাচনের সময় জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতিগুলো প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেগুলো পালন করে যাচ্ছি।

বিগত ফ্যাসিস্ট সরকারের সময় উন্নয়নের নামে লুটপাট হয়েছে। জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া তারা কিছুই করতে পারেনি। মন্ত্রী আরও বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশব্যাপী উন্নয়নের অগ্রযাত্রা শুরু হয়েছে। প্রত্যেকটা উন্নয়নমূলক কাজের গুণগত মানের দিকে আমাদের সরকার সবচাইতে বেশি গুরুত্ব দিচ্ছে। আফরোজা খানম রিতা বলেন, যেসব এলাকায় রাস্তাঘাট নির্মাণ করা হবে সেখানে অবশ্যই ড্রেনেজের ব্যবস্থা থাকতে হবে। কর্তৃপক্ষকে সেই নির্দেশনা দেয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা সহ সরকারি-বেসরকারি কর্মকর্তা ও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এরপর রিতা উপজেলার বাংলাদেশ হাটের চান্দইর থেকে ঘোষের বাজার পর্যন্ত ১৩২০ মিটার বিসি চেইনেজ দ্বারা উন্নয়ন কাজের উদ্বোধন করেন। বেলা ১টার দিকে বেথুয়াজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।

এ ছাড়া, বেতিলা-মিতরা ইউনিয়ন ভূমি অফিসের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। এ ছাড়া, বিকালে মন্ত্রী মানিকগঞ্জ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত বাংলাদেশ-নেপাল ফ্রেন্ডশিপ সোসাইটি আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন