বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীরা আর পিছিয়ে নেই। তারা বর্তমানে সচিবালয়সহ দেশের বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি করছেন। শুধু তাই নয়, তাদের সরকারি চাকরির ক্ষেত্রে তাদের জন্য আলাদা কোটা রয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ শহরের মুক্তির সোপানে বাংলাদেশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফেডারেশনের উদ্যোগে বৈচিত্র্যের ঐক্য ও সংস্কৃতির মিলনমেলা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। টুকু শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, পুরোনো সংস্কৃতি ভুলে গিয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছেলে-মেয়েদের পড়াশোনায় মনোনিবেশ করতে হবে। একসময় এই গোষ্ঠীর মেয়েরা স্বামীর পা ধুয়ে দিতো। ফলে মেয়েদের মানবিকতার জন্ম হতো না। তারা মানসিকভাবে পুরুষের তুলনায় নিজেদের ছোট ভাবতো। এটা মোটেও ঠিক না।
এখন যুগের পরিবর্তন হয়েছে। এ গোষ্ঠীর মেয়েরা বিসিএস (প্রশাসন) ক্যাডার হয়ে দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছেলে-মেয়েদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, তোমরা শিক্ষিত হলে এদেশ পরিচালনার দায়িত্ব একসময় তোমাদের হাতেই পৌঁছাবে।
তোমরা পিছিয়ে নেই, মূলত তোমাদের মানসিকতা পিছিয়ে রাখার জন্য তোমরা পিছিয়ে আছো। তিনি পুরোনো মানসিকতা ছেড়ে দিয়ে তাদের নিজ ধর্মপালনের মধ্য দিয়ে ছেলে-মেয়েদের পড়াশোনার তাগিদ দেন। এ সময় জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ও জেলার সকল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
