সিলেটে হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু: ভর্তি ৩৩৬

ফন্ট সাইজ:

সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়েছে। এরা হচ্ছে- মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পাঁচ মাস বয়সী শিশু। অপরজন সুনামগঞ্জ জেলার আট মাস বয়সী শিশু। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়। এ নিয়ে সিলেট বিভাগে হাম আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে ৩৪ জন শিশু মারা গেল।

এদিকে গতকাল দুপুর পর্যন্ত নতুন করে ৫৪ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগ জুড়ে ৩৩৬ জন সন্দেহজনক রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় থেকে দেয়া প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ১লা জানুয়ারি থেকে ১৬ই মে পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৪৯ জনের হাম ও রুবেলা শনাক্ত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে ১৬ জন, মৌলভীবাজারে ১৬ জন, সুনামগঞ্জে ৭৫ জন এবং সিলেট জেলায় ৪২ জন।

হবিগঞ্জের আক্রান্তদের মধ্যে দু’জন রুবেলা রোগী রয়েছেন। তবে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো ল্যাব কনফার্ম রোগী শনাক্ত হয়নি। স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৫৪ জনের মধ্যে ৩২ জন ভর্তি হয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং ২২ জন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।

বর্তমানে চিকিৎসাধীন ৩৩৬ জন সন্দেহজনক রোগীর মধ্যে ১২৩ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, ৭৪ জন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, ২ জন উইমেন্স মেডিকেল হাসপাতাল, সিলেটে, ১ জন আল হারামাইন হাসপাতাল, সিলেটে, ১০ জন লায়ন্স শিশু হাসপাতাল, সিলেটে, ৬ জন রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে, ৪ জন মাউন্ট এডোরা হাসপাতালে, ৬ জন নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে এবং ৪ জন পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন