সরিষাবাড়ীতে বিএনপি’র কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ

ফন্ট সাইজ:

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি’র কার্যালয়ে গভীর রাতে দুষ্কৃতিকারী কর্তৃক অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত গভীর রাতে পোগলদিঘা ইউনিয়নের বিন্নাফৈর নতুন বাজার (মানিকপটল) এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বিন্নাফৈর নতুন বাজারে আব্দুর রশিদের ভাড়া দেয়া ঘরে ২নং ওয়ার্ড বিএনপি’র কার্যালয় স্থাপন করা হয়েছিল। শুক্রবার মধ্যরাতে দুর্বৃত্তরা তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করে জ্বালানি তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দলের সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ছবিসহ ব্যানার, ফেস্টুন ও টেবিল পুড়ে যায়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জু বলেন, শনিবার সকাল ৮টার দিকে খবর পেয়ে আমরা গিয়ে দেখি, কার্যালয়ে আগুন দেয়া হয়েছে। রাতের অন্ধকারে পূর্বপরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, স্থানীয় কিছু ব্যক্তি দীর্ঘদিন ধরে বিএনপি’র বিরুদ্ধে অবস্থান নিয়ে আসছে।

অতীতেও বর্তমান এমপিকে মামলার আসামি করা হয়েছিল। ষড়যন্ত্র করে বিএনপি’র কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করতেই এ অগ্নিসংযোগ করা হয়েছে। এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত প্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন মুঠোফোনে বলেন, খবর পেয়ে থানার ওসি তদন্ত মনিরুল ইসলাম সেকেন্ড অফিসার বিকাশ চন্দ্রসহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন