পটুয়াখালীর কলাপাড়ায় একটি বসতবাড়ি থেকে জেলেদের বরাদ্দকৃত সরকারি ৭৮০ কেজি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। গতকাল রাত ১টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ গ্রামের ইতালি বাড়ি নামক স্থানে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়। চালগুলো সরকারি সিলযুক্ত ২৬টি বস্তায় মজুত করা ছিল।
এ ছাড়া এ সময় আরও ২৪টি খালি বস্তা উদ্ধার করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, গোপন সংবাদে অভিযান চালিয়ে চালগুলো উদ্ধার করা হয়েছে। বাড়িটিতে শুধুমাত্র নারী সদস্য থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, বিক্রির উদ্দেশ্যে ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্ট যে কেউ চালগুলো ওই বাড়িতে মজুত করেছিল। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
