শিক্ষাকে আরও সহজ, আধুনিক ও মানসম্মত করার লক্ষ্যে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি’তে ডিজিটাল ক্লাসরুমের উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ডা. এফ. এম. সিদ্দিক। শনিবার গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগে বিভাগীয় চেয়ারম্যান প্রফেসর ডা. দেওয়ান সাইফুদ্দিন আহমেদের সভাপতিত্বে এই অনুষ্ঠানটি হয়।
ডিজিটাল ক্লাসরুমের উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ‘বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটি’ কর্তৃক আয়োজিত ‘মাস্টারিং অন ইআরসিপি’ শীর্ষক কর্মশালায় বিশেষজ্ঞ চিকিৎসকদের মানসম্মত প্রশিক্ষণের লক্ষ্যে ‘ইআরসিপি সিমুলেটর’র উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. এ কে এম মোহসেন। সোসাইটির মহাসচিব প্রফেসর ডা. দেওয়ান সাইফুদ্দিন আহমেদ আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষ ও নিরাপদ চিকিৎসক তৈরিতে প্রশিক্ষণের গুরুত্ব এবং নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে জুনিয়র চিকিৎসকদের গড়ে তোলার বিষয়ে আলোকপাত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক ও বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির অনারারী সভাপতি প্রফেসর ডা. এ কে আজাদ খান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি, ট্রেজারার, রেজিস্ট্রার ও পরিচালকগণ। কর্মশালায় দেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিশেষজ্ঞ, চিকিৎসক এবং প্রশিক্ষণরত চিকিৎসকেরা অংশগ্রহণ করেন। (বিজ্ঞপ্তি)
