নারায়ণগঞ্জে ‘ডনাল্ড ট্রাম্প’ নামের গোলাপি মহিষ নিয়ে আলোচনার রেশ কাটতে না কাটতেই এবার নতুন করে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ‘নেতানিয়াহু’ নামের একটি অ্যালবিনো মহিষ। উগ্র স্বভাব, ব্যতিক্রমী গড়ন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও’র কারণে প্রতিদিনই ভিড় বাড়ছে খামারটিতে। নারায়ণগঞ্জের বন্দর উপজেলা দাসেরগাঁও এলাকার এস এস ক্যাটেল ফার্মে থাকা এই মহিষটির নাম রাখা হয়েছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু’র নামে। খামার কর্তৃপক্ষ বলছে, মহিষটির আক্রমণাত্মক আচরণ ও তীক্ষ্ণ চাহনির কারণেই এমন নামকরণ করা হয়েছে।
উগ্র আচরণেই আলাদা পরিচিতি: খামারে ঢুকলেই দেখা যায়, বাঁশের ঘেরের ভেতরে দাঁড়িয়ে থাকা সাদা-গোলাপি আভাযুক্ত বিশাল মহিষটিকে ঘিরে দর্শনার্থীদের ভিড়। কেউ ভিডিও করছেন, কেউ ছবি তুলছেন, আবার কেউ দূর থেকে তার আচরণ পর্যবেক্ষণ করছেন। শিশুদের মধ্যেও দেখা যাচ্ছে ভয় ও কৌতূহলের মিশ্র প্রতিক্রিয়া। খামারের কর্মচারীরা জানান, মহিষটি সুযোগ পেলেই মাথা নিচু করে তেড়ে আসে।
অ্যালবিনো বৈশিষ্ট্যই বাড়তি আকর্ষণ: মহিষটির শরীর পুরোপুরি কালো নয়, বরং গোলাপি আভা মেশানো সাদা রঙের। মাথার সামনের অংশে কম চুল এবং দুই শিংয়ের মাঝখানে সিঁথির মতো ভাঁজ থাকায় এটি সহজেই সবার নজর কাড়ছে। স্থানীয়রা একে ‘গোলাপি মহিষ’ বলেও ডাকছেন। খামার সূত্রে জানা গেছে, মহিষটির ওজন প্রায় ৭৫০ থেকে ৭৬০ কেজি। বড় আকৃতি ও ভিন্নধর্মী চেহারার কারণে দূর থেকেই আলাদা করে চেনা যায়।
এস এস ক্যাটেল ফার্মের ম্যানেজার মেহেদী হাসান বলেন, এটা অ্যালবিনো জাতের মহিষ। আমাদের খামারে এমন ছয়টি মহিষ আছে। সবগুলোর স্বভাবই একটু উগ্র। মজা করেই একটার নাম রাখা হয়েছে ‘নেতানিয়াহু’। পরে বাকিগুলোর নাম রাখা হয় ‘নেতানিয়াহু ওয়ান’, ‘টু’, ‘থ্রি’।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল: গত কয়েকদিনে মহিষটির ভিডিও ও ছবি ফেসবুক-টিকটকে ছড়িয়ে পড়ার পর দর্শনার্থীর সংখ্যা কয়েকগুণ বেড়ে গেছে। স্থানীয়দের ভাষ্য, আগে খামারটিতে এত মানুষের আনাগোনা ছিল না। এখন সকাল থেকে রাত পর্যন্ত কৌতূহলী মানুষের ভিড় লেগেই থাকে। কলেজ শিক্ষার্থী রাকিব বলেন, ‘মানুষ নাম শুনেই আগ্রহ পাচ্ছে। এখন সবাই ছবি তুলছে, ভিডিও করছে।
বিশেষ যত্নে পালন: খামার কর্তৃপক্ষ জানিয়েছে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মহিষটিকে বিশেষ যত্নে পালন করা হচ্ছে। নিয়মিত ঘাস, খড়, ভুসি, ভুট্টা ও পুষ্টিকর খাদ্য দেয়ার পাশাপাশি ভিটামিন ও খনিজ উপাদানও খাওয়ানো হচ্ছে। প্রতিদিন সকালে ও বিকালে গোসল করানো হয় মহিষটিকে। গরম থেকে স্বস্তি দিতে খামারের ছাউনিতে বাড়তি ব্যবস্থাও রাখা হয়েছে।
অ্যালবিনো প্রাণী কেন বিরল?: প্রাণিসম্পদ বিশেষজ্ঞদের মতে, অ্যালবিনো প্রাণীর শরীরে মেলানিনের পরিমাণ কম থাকে। ফলে তাদের শরীরের রং সাধারণ প্রাণীর তুলনায় অনেক হালকা বা সাদাটে দেখায়। চোখেও ভিন্ন ধরনের আভা দেখা যায়। বাংলাদেশে অ্যালবিনো গরু বা মহিষ তুলনামূলকভাবে বিরল হওয়ায় এমন প্রাণী সহজেই মানুষের দৃষ্টি আকর্ষণ করে।
‘ডনাল্ড ট্রাম্প’ মহিষের পর নতুন চমক: এর আগে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ার একটি খামারে ‘ডনাল্ড ট্রাম্প’ নামের আরেকটি গোলাপি অ্যালবিনো মহিষ দেশ জুড়ে আলোচনায় আসে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে চেহারাগত মিল খুঁজে পাওয়ায় নাম দেয়া হয়েছিল মহিষটির। প্রায় ৭০০ কেজি ওজনের সেই মহিষটি দুই মাস আগে ঢাকার এক ক্রেতার কাছে প্রায় ৩ লাখ ৮৫ হাজার টাকায় বিক্রি হলেও এখনো প্রতিদিন মানুষ খামারে গিয়ে ‘ডনাল্ড ট্রাম্প’কে দেখতে ও ছবি তুলতে ভিড় করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর সেটিও ব্যাপক পরিচিতি পায়। এবার সেই ধারাবাহিকতায় ‘নেতানিয়াহু’ নামের মহিষটিকেও ঘিরে তৈরি হয়েছে নতুন কৌতূহল।
