নারায়ণগঞ্জে ছোট ভাইকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জে ছোট ভাইকে কুপিয়ে হত্যা

ফন্ট সাইজ:

নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জেরে ছোট ভাইকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত মো. মোহন (৩২) ফতুল্লার ধর্মগঞ্জ চতলার মাঠ সোনার বাংলা রোড এলাকার ফাজিল পাড়ার বাসিন্দা এবং মো. বাবুল মিয়ার ছেলে। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাই উজ্জ্বল (৩৪) ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের দাবি, উজ্জ্বল মাদকাসক্ত ছিলেন। শুক্রবার সকাল ৬টার দিকে সদর উপজেলার ফতুল্লার ধর্মগঞ্জ চতলার মাঠ এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। প্রায়ই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। এ ছাড়া, উজ্জ্বল প্রায়ই সময় মাদকাসক্ত অবস্থায় বাড়িতে এসে পরিবারের সদস্যদের সঙ্গে তুচ্ছ বিষয় নিয়েও অশান্তি করতেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার কোনো এক ঘটনাকে কেন্দ্র করে নিহত মোহন ও তাদের বাবা অভিযুক্ত উজ্জ্বলকে মারধর করেন। এরই জের ধরে শুক্রবার সকালে আবারো দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা একটি বটি দিয়ে ছোট ভাই মোহনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন উজ্জ্বল। মোহনের চিৎকার শুনে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে অভিযুক্ত উজ্জ্বল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্বজনরা গুরুতর আহত অবস্থায় মোহনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তমাখা বটি উদ্ধার করে।

তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত বড় ভাই পলাতক রয়েছে। ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।




ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন