আশুগঞ্জে ট্রাকচাপায় সরাইলের দুই প্রবাসী নিহত

ফন্ট সাইজ:

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মালবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই প্রবাসী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকাল ৪টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুই প্রবাসীর আকস্মিক মর্মান্তিক মৃত্যুতে পানিশ্বর গ্রামে চলছে শোকের মাতম। পরিবারে নেমে এসেছে অন্ধকার। নিহতরা হলেন- সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের আলকাছ মিয়ার ছেলে আরিফুল ইসলাম এবং শাহেদ আলীর ছেলে শাহ আলম। পারিবারিক সূত্রে জানা গেছে, আরিফুল ইসলাম সৌদি আরব এবং শাহ আলম সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ছিলেন।

সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দেওয়ান জানান, আরিফুল ইসলাম ও শাহ আলম মোটরসাইকেলে করে আশুগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর এলাকায় পৌঁছালে সিলেটগামী একটি মালবাহী ট্রাক তাদের বাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আরোহী দু’জনের মৃত্যু হয়। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। তিনি আরও জানান, ঘাতক ট্রাকটি পুলিশ আটক করেছে।
নিহতদের মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন