ব্রাহ্মণবাড়িয়ায় গ্রাম আদালতে এক বছরে ২ হাজার ৪৫৩টি মামলা নিষ্পত্তি হয়েছে। এ থেকে ক্ষতিপূরণ আদায় হয়েছে ১ কোটি ৪২ লাখ ৭৫ হাজার ৫’শ টাকা। ২০২৫ সালের এপ্রিল থেকে এ বছরের মার্চ পর্যন্ত এসব মামলা নিষ্পত্তি হয়। এ সময়ে মামলা দায়ের হয়েছিল ২ হাজার ৫৫৩টি। ‘গ্রাম আদালত কার্যক্রম’ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রচার-প্রচারণা কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে স্থানীয় অংশীজনদের করা এক সমন্বয় সভায় এই তথ্য জানানো হয়।
বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক এবং জেলার ১০০ ইউনিয়নের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের নিয়ে পৃথক দু’টি সমন্বয় সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসন আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শরিফুল ইসলামের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ মো. গাওছুল আজম, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল কাইয়ুম, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ইফতেখার আহমদ চৌধুরী, যুব উন্নয়নের উপ-পরিচালক আবদুল্লাহ ভূঁইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আল আমিন শাহিন।
সভা সঞ্চালনা করেন গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের জেলা ব্যবস্থাপক মো. মেরাজুল ইসলাম। বক্তারা গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক সচেতনতা সৃষ্টি, প্রচার-প্রচারণা জোরদারকরণ এবং এ কার্যক্রমকে আরও কার্যকর করতে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, জনপ্রতিনিধি, গণমাধ্যম ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানসমূহের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, গ্রাম আদালত হলো সাধারণ মানুষের জন্য সহজ, দ্রুত ও ব্যয় সাশ্রয়ী বিচারপ্রাপ্তির একটি কার্যকর ব্যবস্থা। তৃণমূল পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গ্রাম আদালতের বিষয়ে প্রচার-প্রচারণা বেশি হলে মানুষ অধিকার সচেতন হবে। এতে আদালতের কার্যক্রম ফলপসূ হবে।
