সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সম্পাদকসহ ১৪টি পদের মধ্যে ১৩টি পদে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেলের (নীল প্যানেল) প্রার্থীরা। অন্যদিকে জামায়াতে ইসলামী সমর্থিত আইনজীবী ঐক্য প্যানেলের (সবুজ প্যানেল) প্রার্থী একটি পদে জয় পেয়েছেন। নীল প্যানেল থেকে সভাপতি পদে এ এম মাহবুব উদ্দিন খোকন দুই হাজার ৯৮৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
তার প্রতিদ্বন্দ্বী সবুজ প্যানেলের আবদুল বাতেন পেয়েছেন ৭৮৮ ভোট। নীল প্যানেল থেকে সম্পাদক পদে মোহাম্মদ আলী দুই হাজার ৫৮২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সবুজ প্যানেলের এ কে এম রেজাউল করিম খন্দকার পেয়েছেন ৭৮৬ ভোট। নীল প্যানেল থেকে সহ-সভাপতির দু’টি পদে মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান নির্বাচিত হয়েছেন। নীল প্যানেল থেকে সমিতির কোষাধ্যক্ষ পদে মো. জিয়াউর রহমান জয়ী হয়েছেন। নীল প্যানেল থেকে সহ-সম্পাদকের দুটি পদে মাকসুদ উল্লাহ ও মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল বিজয়ী হয়েছেন। সাতটি সদস্য পদের মধ্যে ছয়টি পেয়েছে নীল প্যানেলের প্রার্থীরা।
তারা হলেন- এইচ এম সানজিদ সিদ্দিকী, এ কে এম আজাদ হোসেন, ওয়াহিদ আফরোজ চৌধুরী, মো. কবির হোসেন, মো. জিয়া উদ্দিন মিয়া ও মো. টিপু সুলতান। সদস্যের অপর একটি পদে বিজয়ী হয়েছেন সবুজ প্যানেলের আজিম উদ্দিন পাটোয়ারী।
১৩ মে বুধবার ও ১৪ই মে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। কোনো ধরনের লিখিত অভিযোগ ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের এবারের নির্বাচন। নির্বাচন কমিশন সূত্র জানায়, দুইদিনব্যাপী এ নির্বাচনে মোট ভোট পড়েছে ৪ হাজার ৪৮টি। মোট ভোটার ছিল ১১ হাজার ৯৭ জন আইনজীবী। সে হিসেবে ভোট কাস্টিংয়ের হার দাঁড়িয়েছে প্রায় ৩৬ দশমিক ৪৮ শতাংশ।
