মানিকগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির বর্ধিত সভা মুন্নু সিটিতে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে মুন্নু সিটিতে অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির ১ নং সদস্য ও মানিকগঞ্জ-১ আসনের এমপি এসএ জিন্নাহ কবীরের সঞ্চালনায় বর্ধিত সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট মোকসেদুর রহমান, আ ত ম জহির আলম খান লদি, এডভোকেট নূরতাজ আলম বাহার, এডভোকেট আজাদ হোসেন খান, আব্দুল বাতেন মিয়া, এডভোকেট আতাউর রহমান ভূঁইয়া ফরিদ, ড. খন্দকার আকবর হোসেন বাবলু, গোলাম কিবরিয়া সাঈদ, আব্দুস সালাম বাদল, সত্যেন কান্ত পণ্ডিত ভজন, নাসির উদ্দিন আহমেদ যাদু, গোলাম আবেদীন কায়সারসহ আহ্বায়ক কমিটির অন্য সদস্যবৃন্দ।
বর্ধিত সভায় বক্তারা বলেন, দলকে আরও বেশি গতিশীল করতে মেয়াদোত্তীর্ণ উপজেলা এবং পৌরসভা বিএনপি’র কমিটিগুলো ভেঙে নতুন করে গঠন করা জরুরি। নতুন কমিটি গঠন হলে সাংগঠনিক কার্যক্রম পুরোপুরি সচল হবে। সভাপতির বক্তব্যে আফরোজা খানম রিতা বলেন, দলীয় শৃঙ্খলা মেনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা মেনেই পথ চলতে হবে।
রিতা বলেন, দল ক্ষতিগ্রস্ত হোক- এমন কোনো কাজ করা যাবে না। এ ছাড়া দলের ভেতর কোনো ধরনের গ্রুপিং থাকা যাবে না। দলের পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীদেরকে মূল্যায়ন করতে হবে। মোট কথা, দলকে কীভাবে আরও বেশি সুসংগঠিত করা যায়, সে লক্ষ্য নিয়ে আমাদের কাজ করতে হবে।
