বাগেরহাটে ছুরিকাঘাতে যুবক খুন

ফন্ট সাইজ:

বাগেরহাটে মামাতো ভাই আলী আব্দুল্লাহর (২৩) ছুরিকাঘাতে ফুপাতো ভাই আম্মার শেখ (১৯) খুন হয়েছে। শুক্রবার দিবাগত রাতে বাগেরহাট পৌরসভার বাসাবাটি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আম্মার একই এলাকার তাসলিম মাহমুদের ছেলে। ঘাতক আলী আব্দুল্লাহ পৌরসভার সাহাপাড়া এলাকার তারেক হাওলাদারের ছেলে।

জানা যায়, শুক্রবার দিবাগত রাতে আলী আব্দুল্লাহ বাসাবাটি এলাকায় ফুপুর বাড়িতে বেড়াতে আসে। রাতের খাবার শেষে আম্মার শেখ ও আলী আব্দুল্লাহ বাড়ির দোতলার একটি কক্ষে ঘুমাতে যান। এ সময় আম্মারের মায়ের কাছ থেকে টাকা নেয়া ও পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এরপর রাত ১টার দিকে আলী আব্দুল্লাহ ধারালো ছুরি দিয়ে ফুপাতো ভাই আম্মার শেখের ঘাড়, বুক ও পিঠে এলোপাতাড়ি আঘাত করে। এ সময় আম্মারের মা মাহফুজা বেগমের চিৎকার শুনে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে দ্রুত আহত আম্মারকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের স্বজনরা আলী আব্দুল্লাহকে রক্তমাখা ছুরিসহ আটক করে রাখে পুলিশে খবর দিলে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলী আব্দুল্লাহকে আটক করে। আম্মারের লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন