সুন্দরবনে ৩ বনদস্যু আটক অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

সুন্দরবনে ৩ বনদস্যু আটক অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

ফন্ট সাইজ:

পূর্ব-সুন্দরবনের শরণখোলা রেঞ্জের মরা চানমারী খাল এলাকায় কোস্ট গার্ডের সঙ্গে সুন্দরবনের বনদস্যু করিম-শরীফ বাহিনীর বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ সময় বনদস্যুরা টিকতে না পেরে পালানোর সময় কোস্ট গার্ডের হাতে তিন বনদস্যু আটক হয়। আটককৃতরা হলো-বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার মেহেদী হাসান (২৫) ও রমজান শরীফ (১৯)। এছাড়া ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মো. এনায়েত (২৫)। পরে আটককৃতদের তল্লাশি চালিয়ে একনলা তিনটি বন্দুক, দেশীয় পিস্তল, ৪৯ রাউন্ড তাজা কার্তুজ, ১৮৭ রাউন্ড এয়ারগানের গোলাসহ ওয়াকিটকি উদ্ধার করা হয়।

এর আগে গত ১৩ই মে দুপুর ২টা থেকে অপারেশন ম্যানগ্রোভ শিল্ড পরিচালনা করে আসছে কোস্ট গার্ড। কোস্ট গার্ডের মোংলা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন সকালে বলেন, সুন্দরবন অঞ্চলে সক্রিয় সকল বনদস্যু বাহিনী নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’- নামে দু’টি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।

এই অভিযানের অংশ হিসেবে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর আওতায় অভিযান চালিয়ে বনদস্যু করিম-শরীফ বাহিনীর ৩ জন সক্রিয় সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়। তিনি আরও জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত বনদস্যু করিম শরীফ বাহিনীর সদস্যরা সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালা নদীর মরা চানমিয়া খালী খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে, এমন গোপন সংবাদে ওই এলাকায় গত বৃহস্পতিবার বিকালে অভিযান চালানো হয়।

এ সময় বনদস্যুরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে তাদেরকে লক্ষ্য করে গুলি চালায় এ সময় কোস্ট গার্ডও পাল্টা গুলি চালায়। পরে এসব বাহিনীর ৩ সদস্যকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দস্যুরা জানায়- দীর্ঘদিন ধরে সুন্দরবনে করিম-শরীফ বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে ডাকাতি এবং সাধারণ জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল। জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও আটককৃত ডাকাতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে কোস্ট গার্ড মোংলা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, সুন্দরবন দস্যুমুক্ত করতে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন