আগ্রাসী যমুনার ভাঙন থেকে বগুড়ার সোনাতলা উপজেলার তেকানী চুকাইনগর ইউনিয়নকে রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় তেকানী চুকাইনগর ইউনিয়নের জন্তিয়ারপাড়া গ্রামের ভাঙন কবলিত যমুনার তীরে এই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে ওই এলাকার গ্রামের বাসিন্দরা। মানববন্ধনে সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি সদস্য ও বিএনপি নেতা সুরুজ মিয়া। পল্লী প্রাণী চিকিৎসক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল হান্নানের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন- ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক জামিরুল ইসলাম, সমাজকর্মী আহসান হাবীব নয়ন, বিএনপি নেতা দবির হোসেন মণ্ডলসহ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান শামছুল হক মণ্ডল। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে যমুনা নদীর সঙ্গে যুদ্ধ করে বসবাস করে আসছে এই এলাকার মানুষ। ইতিমধ্যেই এই ইউনিয়নের একটি বিরাট অংশ যমুনা গর্ভে বিলীন হয়েছে। যমুনা নদীতে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে পুনরায় শুরু হয়েছে ভাঙন। ভাঙন কবলিত এলাকার মানুষ আতঙ্কে দিনরাত পার করছে। অচিরেই বিশেষ ব্যবস্থাপনায় নদী ভাঙন রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ না করলে আবারো বাড়িঘর হারাবে অসংখ্য পরিবার। তাই বগুড়া-১ আসনের সংসদ সদস্য, পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট দপ্তরের কাছে তাদের জোর দাবি- ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেয়ার।
