মৌলভীবাজারের কুলাউড়ায় খাল খনন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির প্রথম পর্যায়ে চকিরমোড়া এলাকা থেকে উত্তরমুখী আন ফানাই পর্যন্ত খাল খনন কাজের উদ্বোধন করা হয়।
প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এই খাল খনন প্রকল্পের শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাজু চন্দ্র পাল জানান, উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে ভুকশিমইল, বরমচাল ও ভাটেরা ইউনিয়নের প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ খাল খননের উদ্যোগ নেয়া হয়েছে। এ প্রকল্পে ৩. ০৯ কিলোমিটার খাল খননের জন্য ২ কোটি ৬ লাখ ৩ হাজার ৮০ টাকা বরাদ্দ পাওয়া গেছে।
প্রকল্প চেয়ারম্যান ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির বলেন, খাল খননের ফলে বর্ষাকালে সহজে পানি নিষ্কাশন হবে, অন্যদিকে বোরো মৌসুমে চাষাবাদের জন্য সহজে পানি পাওয়া যাবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে কৃষি, মৎস্য খাতে সহায়ক হবে ও হাওরে জলাবদ্ধতা নিরসনে ভূমিকা রাখবে। উদ্বোধনকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) প্রীতম শিকদার জয়, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল জামাল, বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সভাপতি ড. সাইফুল ইসলাম চৌধুরী প্রমুখ
