সংসারের দায়িত্ব, দারিদ্র্য আর জীবনের নানা বাস্তবতায় থেমে গিয়েছিল পড়াশোনা। কিন্তু থেমে যায়নি স্বপ্ন। সেই স্বপ্নকেই নতুন করে জীবন্ত করেছেন নাটোরের লালপুর উপজেলার ফুলঝুড়ি বেগম। প্রায় ২৯ বছরের দাম্পত্য জীবনের পর এবার নিজের ছেলের সঙ্গেই অংশ নিয়েছেন এসএসসি পরীক্ষায়। মা-ছেলের একসঙ্গে পরীক্ষায় অংশ নেয়ার এ ঘটনা এলাকায় বেশ আলোচনার জন্ম দিয়েছে।
উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের বাসিন্দা ফুলঝুড়ি বেগম ও তার ছেলে মনিরুল ইসলাম (১৫) চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী। তারা দু’জনই মোহরকয়া নতুনপাড়া মাধ্যমিক কারিগরি ও ভোকেশনাল ইনস্টিটিউটের কম্পিউটার ট্রেডের শিক্ষার্থী। বর্তমানে মধুবাড়ী দাখিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে। ফুলঝুড়ি বেগম মানবজমিনকে জানান, আর্থিক সংকট ও পারিবারিক প্রতিকূলতার কারণে সপ্তম শ্রেণিতে থাকতেই তার পড়াশোনা বন্ধ হয়ে যায়। ১৯৯৭ সালে নওপাড়া গ্রামের নজরুল ইসলামের সঙ্গে বিয়ে হওয়ার পর সংসারই হয়ে ওঠে তার প্রধান দায়িত্ব। তবে মনের ভেতর শিক্ষাজীবন নিয়ে আক্ষেপ সবসময়ই ছিল।
ছেলের পড়াশোনা দেখতে গিয়েই আবার বই হাতে তুলে নেন তিনি। পরে ছেলের সঙ্গে একই প্রতিষ্ঠানে ভর্তি হয়ে নতুন করে শুরু করেন শিক্ষাজীবন। ফুলঝুড়ি বলেন, ছেলের পাশে বসে পড়তে পড়তেই সাহস পেয়েছি। এখন একসঙ্গে পরীক্ষা দিতে পারছি, এটা আমার জীবনের সবচেয়ে বড় আনন্দ। আমি বুঝেছি, পড়াশোনার জন্য বয়স কোনো বাধা নয়। মা’কে সহপাঠী হিসেবে পেয়ে গর্বিত ছেলে মনিরুল ইসলাম। তার ভাষায়, মা শুধু আমার মা নন, তিনি আমার সহপাঠীও। আমরা একসঙ্গে পড়েছি, একসঙ্গে পরীক্ষা দিচ্ছি এটা আমার জন্য গর্বের। ফুলঝুড়ির স্বামী নজরুল ইসলাম জানান, ভ্যান চালানো, বর্গাচাষ আর গরু-ছাগল পালন করেই সংসার চালান তিনি। সীমিত আয়ের মধ্যেও বড় মেয়ে রোজিনা আক্তারকে নার্সিং পড়িয়েছেন। বর্তমানে তিনি ঢাকার একটি ক্লিনিকে চাকরি করছেন। এবার স্ত্রী ও ছেলে একসঙ্গে এসএসসি পরীক্ষায় অংশ নেয়ায় তিনি আনন্দিত। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহানুর ইসলাম বলেন, ফুলঝুড়ি প্রমাণ করেছেন, শিক্ষার জন্য ইচ্ছাশক্তিই সবচেয়ে বড় বিষয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুলহাস হোসেন সৌরভ মানবজমিনকে বলেন, এ ঘটনা নারী শিক্ষা ও বয়স্ক শিক্ষার ক্ষেত্রে অনুপ্রেরণার উদাহরণ হয়ে থাকবে। তার পড়াশোনার ব্যাপারে উপজেলা প্রশাসন সব ধরনের সহযোগিতা করবে। এছাড়া মা ও ছেলেকে শুভকামনা জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
