ফরিদপুরে মা-মেয়ের মাটিচাপা লাশ উদ্ধার

ফন্ট সাইজ:

ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের কালিতলা এলাকার একটি পুকুরপাড়ে মাটিচাপা অবস্থায় এক নারী এবং তার কন্যাশিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে স্থানীয়রা মাটি খুঁড়ে লাশের পা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে কোতোয়ালি থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

লাশ উদ্ধারের পর তাদের পরিচয় পাওয়া যায়। নিহত গৃহবধূর নাম জাহেনা আক্তার (৩২) এবং তার আড়াই বছরের কন্যাশিশু সামিয়া। জাহেনা পাশের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার পরেশ উল্লাহ মাতবরের পাড়ার আমজাদ হোসেনের স্ত্রী।

নিহতের পরিবারের সূত্রে জানা যায়, গত ৪ঠা মে থেকে কন্যাশিশুসহ ওই নারীর নিখোঁজ ছিলেন। লাশ উদ্ধারের খবর পেয়ে তারা সেখানে গিয়ে ওই নারী ও শিশুর পরিচয় নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকালে তারা একটি কুকুরকে মাটি খুঁড়ে মরদেহের পা কামড়াতে দেখে। তাৎক্ষণিক বিষয়টি কোতোয়ালি থানা পুলিশকে জানায় তারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে লাশ দু’টির সন্ধান পায়।

চরমাধবদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. তুহিনুর রহমান মণ্ডল জানান, ওই এলাকাটি ফরিদপুর এবং রাজবাড়ী জেলার সীমান্তবর্তী হওয়ায় পুলিশের নজরদারি কম থাকার সুবাদে নানা ধরনের অপরাধ সংঘটিত হয়। কোতোয়ালি থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ বিশ্বাস জানান, লাশ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।






ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন