কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে হত্যা

কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে হত্যা

ফন্ট সাইজ:

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মো. হানিফ মিয়া (৩৪) নামের এক কাঠ ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জাকির হোসেন নামের প্রতিবেশীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কুলিয়ারচর থানা পুলিশ উপজেলার ব্রহ্মপুত্র নদ সংলগ্ন একটি পতিত জমি থেকে ওই ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত হত্যাকাণ্ডের শিকার হানিফ ফরিদপুর ইউনিয়নের আনন্দ বাজার এলাকার টুকু মিয়ার বাড়ির মো. ইব্রাহিমের ছেলে। নিহতের শ্বশুর মো. বকুল মিয়া, পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে প্রতিবেশী লস্কর মিয়ার ছেলে মো. জাকির হোসেন হানিফকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে রাত আনুমানিক ১২টার দিকে হানিফ তার স্ত্রী আয়েশার মোবাইলে ফোন করে বলেন, আমাকে বাঁচাও, জাকির হোসেনরা আমাকে মেরে ফেলবে। এরপর পরিবারের সদস্যরা দ্রুত লস্করের বাড়িতে ছুটে গেলেও বাড়ির সব গেট বন্ধ থাকায় ভিতরে প্রবেশ করতে পারেনি। পরে স্থানীয় লোকজন ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে হানিফকে খোঁজাখুঁজি করে লস্করের বাড়ির প্রায় দেড়শ’ ফুট পূর্ব পাশে একটি পতিত ধানক্ষেতে হানিফের মরদেহ পড়ে থাকতে দেখেন। ঘটনার জেরে বৃহস্পতিবার সকালে উত্তেজিত জনতা জাকিরের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ সময় বিল্ডিং ঘরের ভিতরে ও বাহিরে একটি মোটরসাইকেলে আগুন ধরতে দেখা যায়। এলাকাবাসীর অভিযোগ, জাকির দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ও ইউনিয়নসহ আশপাশের এলাকায় মাদক সরবরাহ করে। তার বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে ১৭টি মামলা রয়েছে। স্থানীয়দের ধারণা, মাদক ব্যবসার বিরোধিতা করায় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। এই ঘটনায় নিহতের স্ত্রী আয়েশা বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে কুলিয়ারচর থানায় একটি মামলা দায়ের করেছেন।

পরে পুলিশ জড়িত সন্দেহে ৫ জনকে আটক করেছে। আটককৃতরা হলো-আনন্দবাজার গ্রামের মৃত ছবর আলীর পুত্র লস্কর আলী (৭৫), হোসেন বেপারীর পুত্র আয়াত উল্লাহ্ (৩২), লস্কর আলীর স্ত্রী হেলেনা বেগম (৬০), জাকির হোসেনের স্ত্রী খুকি বেগম (৫০) এবং রাসেল মিয়ার স্ত্রী নাদিয়া আক্তার (২৩)। আটককৃতদের বৃহস্পতিবার বিকালে কিশোরগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে। ঘটনা প্রসঙ্গে কুলিয়ারচর থানার ওসি কাজী আরীফ উদ্দিন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে আটক করে কিশোরগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে। ঘটনা গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন