নোয়াখালীর সোনাইমুড়ীতে জাল দলিলে সম্পত্তি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন সৈয়দ হাসান মাহমুদ। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার চড়ুইভাতি পার্টি সেন্টারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপজেলার কাঁকড়া পাড়া গ্রামের রাশিদা বেগমের পৈতৃক সম্পত্তি জাল দলিল সৃজন করে দখল করা ভূমিদস্যুদের বিরুদ্ধে এই সংবাদ সম্মেলন করেছেন তার ছেলে সৈয়দ হাসান মাহমুদ।
সংবাদ সম্মেলনে সৈয়দ হাসান মাহমুদ বলেন, উপজেলার কাঁকড়া পাড়া গ্রামের মৃত আবদুল জলিলের কন্যা রাশিদা বেগম জীবিত থাকাকালীন তার সৎ ভাইয়েরা মায়ের ওয়ারিশ সূত্রে যে সকল জমি পেয়েছিল সেগুলো তারা একটি জাল দলিলে সাবকবলা দেখিয়ে বিক্রি করতে যায়। পরে বিষয়টি মা জানতে পারলে তিনি চিন্তিত হয়ে পড়েন। পরে আমি ভূমি অফিসে গিয়ে জানতে পারি মা’কে বিগত ৫ বছর পূর্বে মৃত ঘোষণা করে। এ ছাড়া মায়ের কোনো ওয়ারিশ নেই। যার একমাত্র ওয়ারিশ মা’য়ের সৎ ভাইয়েরা। পরে মা আমাকে তার ন্যায্য প্রাপ্য সম্পত্তি উদ্ধার করতে মামলা করার অনুমতি দেন। মামলার কথা শুনে সৎ মামারা কতিপয় সন্ত্রাসী দিয়ে মা’কে পৃথিবী থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করে। পরে গত ১০ই মার্চ মা মৃত্যুবরণ করেন। মা’য়ের মৃত্যুর ৮ দিন পর বড় ভাই খালেদ মাহমুদও মৃত্যুবরণ করেন।
এদিকে গত ১লা জানুয়ারি আমাদের করা মামলা তুলে নিতে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দিচ্ছে মামাতো ভাই সোলায়মান, আবু তাহের ও বহিরাগত আফরোজা, এইচ এম বাইজিদ, এইচ এম নোমান। তাই আমার নোয়খালীর চাটখিল-সোনাইমুড়ী দু’টি থানার চিহ্নিত ভূমিদস্যুদের আইনের আওতায় এনে সম্পত্তি উদ্ধারে সকলের সহযোগিতা কামনা করছি।
